ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামের শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে ১৪৪ ধারা জারি করেছে হয়েছে । হিন্দু ধর্মের ইসকন ও সনাতন অনুসারীদের বিরোধের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বুধবার দুপুরে এ আদেশ জারি করে উপজেলা প্রশাসন।
সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত তা বলবৎ থাকবে।
বুধবার সকালে দুর্গাপূজার উপলক্ষে দু পক্ষই ওই মন্দিরে প্রতিমা নিয়ে যাওয়ার প্রস্তুতি কালে উত্তেজনা দেখা দেয়। পরে প্রশাসন নিয়ন্ত্রণে আনে।
আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান নজু জানান শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের জমির দখল নিয়ে হিন্দুধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে জমির মালিকানা দাবি করে বিরোধ চলছিল। এর জের ধরে ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকনপন্থী ও সনাতন হিন্দুদের মধ্যে সংঘর্ষ ও হামলা হয় । ইসকন ভক্তদের হামলায় শ্রী ফুলবাবু (৩৫) নামে এক ভ্যান শ্রমিক নিহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়।
এই থেকে ওই মন্দিরে পূজার সময় সংঘর্ষ বা অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এবারও একই পদক্ষেপ নেয় প্রশাসন।
তবে এই ঘটনার অবসানের দাবি জানিয়েছেন স্থানীয়রা । আউলিয়াপুর ইউপি সাবেক ইউপি সদস্য ও মাদারগঞ্জ গ্রামের বাসিন্দা বলেন কত দিন গ্রামবাসীরা ভয়ভীতি ও অশান্তির মধ্যে বিশেষ করে দুর্গা উৎসবে পূজা অর্চনা করবে । ঘটনার পরি সমাপ্তি হওয়া দরকার ।
ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম বলেন স্থায়ী ভাবে সমাধানের জন্য ইউএনও স্যার উদ্যোগ নিয়েছেন। পূজা শেষ হলে দুই পক্ষ কে নিয়ে বসা হবে ।
