লক্ষ্মীপুরে রাস্তা পারের সময় পিকআপভ্যান চাপায় মারাত্মক আহত জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাৎ হোসেন শরীফের মা সহিদা বেগম (৫৫) মারা গেছেন।
বুধবার রাতে পৌর শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় ময়দার মিল নামক স্থানে একটি বেপরোয়া ট্রাক চাপায় তিনি গুরুতর আহত হন।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর ওয়েল কেয়ার হাসপাতালে (প্রাইভেট) নিলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না জানান, আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সহিদা বেগম মারা যান।
আজ বাদ যোহর লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ মজুপুর হাজি আমজাদ আলী পাটোয়ারী ওয়াকফ্ এস্টেট একাডেমী (উচ্চ বিদ্যালয়) মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা শরীফের মা সহিদা বেগম তার নাতনি ঐশীকে নিয়ে বাসা থেকে বুধবার বিকেলে তাদের পুরান বাড়িতে ঘুরতে যান। রাতে ঐশীকে নিয়ে বাসায় ফিরতে গিয়ে ঢাকা-রায়পুর মহাসড়কের ময়দার মিল এলাকায় রাস্তা পারের সময় জকসিন বাজার থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি পিকআপভ্যান সহিদা বেগমকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপরে ছিটকে পড়ে বাম-পা ও মাথা ফেটে যায়।
