নৌশ্রমিকদের দাবিকে ন্যায্য বললেন প্রতিমন্ত্রী

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ০৩:৩২ পিএম

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মালিক-শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে সমস্যার সমাধান করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে নব-নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

বেতন-ভাতার সুযোগ-সুবিধাসহ বিভিন্ন দাবিতে নৌযান শ্রমিকদের চলমান ধর্মঘটের তৃতীয় দিন আজ।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “নৌশ্রমিকদের মূল দাবি খোরাকি ভাতা; অবশ্যই তাদের ন্যায্য দাবি। এ ব্যাপারে কোন সন্দেহ নেই। ভাতাটা ন্যায্য। এর আগেও শ্রমিকেরা ধর্মঘটে গিয়েছিল। আলোচনা করে সমাধান করেছি। শ্রমিকেরা অসহায়। তারা শ্রম দিয়ে উপার্জন করে জীবিকা নির্বাহ করে। মালিক-শ্রমিকদের সম্পর্ক থাকবে বন্ধুত্বপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ। মালিক-শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে এর সমাধান করব।”

প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত বর্তমান সরকার সবকিছু সমন্বয় করে এগিয়ে যাচ্ছে। এ সরকারের সময়ে অনেক জটিল সমস্যা সমাধান হচ্ছে। সরকারের সে সক্ষমতা আছে। সমন্বয় করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।”

বিক্রম দোরাইস্বামীরে সঙ্গে সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বি-পাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। তাদের আলোচনায় পায়রা বন্দর, মোংলা বন্দর ও আশুগঞ্জ বন্দর সম্পর্কিত বিষয়গুলো স্থান পায়। এ ছাড়া সোনামুড়া নৌরুট ও ইছামতী নদী খননের বিষয়েও আলোচনা হয়।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যে সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে তা অব্যাহত রাখতে চাই। আরও শক্তিশালী করতে চাই ও কাছাকাছি আসতে চাই।

এ সময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত