নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কোনো প্রশিক্ষণ ও ওস্তাদের সাহায্য ছাড়াই প্রতিমা তৈরি করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন এক কিশোর। পাল বংশের সন্তান না হয়েও শিশু বয়স থেকে তিনি প্রতিমা তৈরি করছেন। তা দেখে অবাক হয়েছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন।
গত চার বছর ধরে বাড়িতে নিজেই প্রতিমা গড়ে দুর্গাপূজা করে আসছেন নির্মাণ দত্ত (১৪) নামের এই কিশোর। তিনি উপজেলার পৌর শহরের শিবগঞ্জ গ্রামের গোপাল দত্তের ছেলে। তার নিপুণ হাতের ছোঁয়ায় মৃন্ময়ী প্রতিমা ধীরে ধীরে দেবী রূপ ধারণ করে। নির্মাণ দত্ত এম কে সি এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, গোপাল দত্ত ও নমিদা দত্ত দম্পতির ছোট ছেলে নির্মাণ দত্ত চার বছর ধরে নিজের হাতে প্রতিমা তৈরি করেন। ছোটবেলা থেকে নির্মাণ দত্তের ছবি আঁকাআঁকির কাজে প্রবল জোঁক ছিল। বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা অবস্থায় তার মনে সাধ জাগে প্রতিমা তৈরির প্রতি। কোনো ওস্তাদ ও প্রশিক্ষণ ছাড়াই মাটি দিয়ে প্রতিমা তৈরির চেষ্টা চালান। ২০১৬ সালে প্রথম নিজেদের বাড়ির আঙিনায় মাটি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে ফেলেন। তার এ কাজ দেখে অবাক হন মা-বাবাসহ এলাকাবাসী। এভাবে প্রতি বছর বাড়ির আঙিনায় পূঁজাম-প তৈরি ও দুর্গাপূজা করেন এই কিশোর।
এবারের পূজার জন্য গত এক মাসের প্রচেষ্টা ও নির্মানশৈলী দিয়ে তৈরি করেন দুর্গা, কার্তিক, গণেশ, মহিষাসুর, লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমা। রংতুলির কাজটিও তিনি নিজের হাতেই করেন। কোনো ডাইস বা ফর্মা ছাড়াই নিজ হাতে প্রতিমাগুলোর মুখমন্ডল তৈরি করেছেন এ কিশোর।
নির্মাণ দত্ত দেশ রূপান্তরকে বলেন, আমার ইচ্ছা নিজ হাতে দেবী দুর্গা মাকে বানাব। পূজার আগে প্রতিমা তৈরি করতে পেরেছি এটাই আমার তৃপ্তি।
