প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদারীপুর জেলার শিবচর উপজেলার পদ্মার দুর্গম চরে দেদারছে বিক্রি হচ্ছে মা ইলিশ। ধরা পড়া ইলিশ সঙ্গে সঙ্গেই তীরে এনে বিক্রি করে দেওয়া হয়। এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে চার থেকে পাঁচশ টাকায়। এছাড়া একটু ছোট সাইজের মাছ আরও কম দামে পাওয়া যাচ্ছে। নদীর পাড়ে এনে একহালি, দুই হালি করে একসঙ্গে বিক্রি করা হচ্ছে এসব ইলিশ মাছ।
ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিয়ম অনুযায়ী এখন ২২ দিনের জন্য বন্ধ ইলিশ আহরণ। এই সময়ে কিছু অসাধু জেলের তৎপরতা বেড়ে যায়। একই সঙ্গে ক্রেতাদেরও যেন উৎসব! সস্তায় বড় সাইজের ইলিশের লোভ ছাড়া যেন বড় দায়! ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ সংরক্ষণে ইলিশ শিকার নিষিদ্ধ করেছে সরকার। ইলিশ সংরক্ষণের লক্ষ্যে নিয়মিত পদ্মা নদীসহ জেলার হাটবাজারগুলোতে জেলা ও উপজেলা প্রশাসনের অভিযান চলছে।
স্থানীয় একটি সূত্র জানায়, উপজেলার চরজানাজাত ইউনিয়নের শেষ সীমানায় নদীর পাড়ে অসাধু জেলেরা পদ্মানদীর বিভিন্ন স্থান থেকে ধরে আনা ইলিশ বিক্রি করে। শিবচরসহ দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ সস্তায় ইলিশ কিনতে দুর্গম চরাঞ্চলে আসে। বিস্তৃর্ণ চর এলাকা থেকে হেঁটে আবার ট্রলার নিয়েও মাছ কিনতে আসে মানুষেরা।
জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, আমাদের অভিযান নিয়মিত রয়েছে।
