নরসিংদীর রায়পুরায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে বাড়ি থেকে ডেকে এনে ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে। নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এ ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে ছাত্রলীগ সভাপতিসহ দুই জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে শুক্রবার দুপুরে রায়পুরা থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত আসাদুল হক চৌধুরী শাকিল রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি। এ ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় বইছে।
পুলিশ ও নির্যাতিতার সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার এক গ্রামের দশম শ্রেণির স্কুল ছাত্রীকে বাড়ি থেকে রাজু অডিটোরিয়ামে ডেকে নিয়ে আসে রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল। পরে রাত ১১টার দিকে তার ওপর পাশবিক নির্যাতন চালায়। এসময় স্কুল ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। ওই সময় ছাত্রলীগ নেতা কৌশলে পালিয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে বিষয়টি অবগত করা হলে, রায়পুরা থানা পুলিশ নির্যাতিত স্কুল ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্কুল ছাত্রীর বাবা সাংবাদিকদের জানান, আমার মেয়ের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে ছাত্রলীগ নেতা শাকিল। আমি এর উপযুক্ত বিচার চাই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন কাদির সাংবাদিকদের বলেন, নির্যাতিতার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ছাত্রলীগ নেতাসহ দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভিকটিমকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
