চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা, সরিয়ে নেয়া হলো ১০০ পরিবার

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ০২:০০ এএম

টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় চট্টগ্রাম নগরীর ফয়’স লেক সংলগ্ন ঝিল পাড় এলাকা থেকে পাহাড়ে বসবাসকারী ১০০ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার নগরীর ১৭টি ঝুঁকিপূর্ণ পাহাড় এবং বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড এলাকার পাহাড়গুলোতে সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য মাইকিংও করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ফয়’স লেক সংলগ্ন ঝিল-১, ২, ৩ এলাকায় পাহাড়ের কিনারায় বসতি স্থাপনকারী ১০০ পরিবারকে সরিয়ে নেয়া হয়েছে। সেখানে বসবাসকারীদের ঘরে তালা লাগিয়ে দেওয়া হয়েছে।

এর মধ্যে ৩০টি পরিবার ফিরোজ শাহ পি-ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে গেছেন। আর বাকিরা নিজেদের আত্মীয়-স্বজনের ঘরে আশ্রয় নিয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিসে ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একশ মিলিমিটারের বেশি বৃষ্টি হলেই নগরীর পাহাড়ি এলাকায় অতীতে বিভিন্ন সময় ধসের ঘটনা ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত