ব্যারিস্টার রফিক-উল হকের প্রতি বিএনপির শ্রদ্ধা

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ০৪:২৩ পিএম

ব্যারিস্টার রফিক-উল হকের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। শনিবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছুটি আসেন। সেখানে সুপ্রিম কোর্টের এ জ্যেষ্ঠ আইনজীবীর মরদেহের সামনে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।

এ সময় মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মজিবুর রহমান ও শায়রুল কবির খান।

পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ব্যারিস্টার রফিক-উল হক চলে যাওয়ায় আইন জগতে একটা বিরাট রকমের ক্ষতির সৃষ্টি হয়েছে। এই ক্ষতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা পূরণ হওয়ার নয়।”

আরও বলেন, “আমরা বিএনপির পক্ষ থেকে, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালার কাছে দোয়া করি তিনি যে তাকে বেহেশত নসিব করেন।”

সকাল সাড়ে ১০টায় আদ-দ্বীন হাসপাতাল সংলগ্ন মসজিদে ব্যারিস্টার রফিক-উল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আদ-দ্বীন হাসপাতালের পরিচালনা পরিষদের সদস্য, চিকিৎসকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

ব্যারিস্টার রফিক-উল-হক আজ সকাল সাড়ে ৮টায় রাজধানীর আদ-দ্বীন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত