টাঙ্গাইলের মির্জাপুরের আবদুল আওয়াল হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা-পুলিশ।
শুক্রবার উপজেলার ভাররা ইউনিয়নের ভাররা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি উপজেলার ভাঁড়রা ইউনিয়নের মৃত হজরত আলীর ছেলে লুকিমুদ্দিন লোকমান (৪৭)।
আসামি লোকমান টাঙ্গাইলের মির্জাপুর থানায় ২০১৩ সালে দায়েরকৃত একটি হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি।
গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমানের নেতৃত্বে পুলিশ শুক্রবার রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
মির্জাপুর থানা সূত্রে জানা যায়, গত ২০১৩ সালের ২৯ জুলাই ছেলে আসাদুজ্জামান বাদী হয়ে তার বাবা আব্দুল আওয়ালকে হত্যা করা হয়েছে মর্মে মামলা করেন। পরে তার আচরণে সন্দেহ হলে বাদী আসাদুজ্জামানকে আটক করে থানা-পুলিশ।
বাবাকে হত্যার উদ্দেশ্যে তিনজন খুনিকে তিন লাখ টাকা দিয়ে চুক্তি করে আসাদুজ্জামান। চুক্তি অনুযায়ী লোকমানসহ আরও দুজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছিল।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানান, ২০১৩ সালের দায়েরকৃত একটি হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামি লোকমানকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা-পুলিশ।
শনিবার সকালে আসামিকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নাগরপুর থানার ওসি আলম চাঁদ জানিয়েছেন।
