হাসপাতালে চিকিৎসা অবহেলায় মৃত্যুর অভিযোগ

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১২:১৪ এএম

গাজীপুরের কালীগঞ্জে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

মারা যাওয়া ওই নবজাতকের বাবা এনামুল কবির গতকাল শনিবার কালীগঞ্জ প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের জানান, তার স্ত্রী আফসানা আক্তারের সন্তান প্রসবের নির্ধারিত তারিখ ছিল ৫ নভেম্বর। গত শুক্রবার সকালে অসুস্থতা অনুভব করলে কালীগঞ্জের সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোগীর অবস্থা খারাপ থাকলেও ডাক্তার আসছে এমন আশ^াস দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে বসিয়ে রাখে। বিকেল ৪টার দিকে তার স্ত্রীর সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। কিন্তু জন্মের কয়েক মিনিটের মধ্যে তার সন্তান মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ অবহেলা না করে সঠিক সময়ে তার স্ত্রীর অস্ত্রোপচার করলে শিশুকে বাঁচানো সম্ভব ছিল।  অভিযোগ অস্বীকার করে হাসপাতালের ব্যবস্থাপক মহিউদ্দিন মিরাজ বলেন, প্রসূতি আফসানা আক্তার মৃতসন্তান প্রসব করেছেন। গাইনি চিকিৎসক সানজিদা পারভিন বলেন,  বাচ্চার অবস্থাও খারাপ ছিল। বাচ্চার অভিভাবকদের জানানো হয়েছে। কী করব? বাচ্চা তো বের করতে হবে। শেষে অপারেশনের পর বাচ্চা আর কান্না করেনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছাদেকুর রহমান আকন্দ বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত