গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার আসামি নেত্রকোনায় আটক

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১১:০৬ এএম

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গৌরীপুর শাখার চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডের অন্যতম আসামি মো. খায়রুলকে (৩৫) নেত্রকোনা থেকে আটক করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ময়মনসিংহ জেলা পুলিশ।

আসামি খায়রুল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কাউরাট পশ্চিমপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

শুক্রবার ভোরে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ফাগুয়া হাওর এলাকা থেকে তাকে আটক করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ময়মনসিংহ ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ কামাল আকন্দ অভিযান পরিচালনা করে খায়রুলকে আটক করেন বলে দেশ রূপান্তরকে জানান মোহনগঞ্জ থানার ওসি মো. আবদুল আহাদ খান।

গত ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুরের মধ্যবাজার রহিমের চা স্টলে সহযোগীদের নিয়ে চা পান করছিলেন মাসুদুর রহমান শুভ্র। এ সময় অটোরিকশা করে আসা কতিপয় দুষ্কৃতকারী অতর্কিত হামলা চালিয়ে শুভ্রকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

নিহতের পরিবার গত ১৯ অক্টোবর গৌরীপুর থানায় মামলা করেন। মামলাটি পরে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত