ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষক জিয়া রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
রবিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন মাসিক আল বাইয়্যিনাত ও দৈনিক আল ইহসান পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম ও আইনজীবী ইমরুল হাসান।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিয়া রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। আদালত দুজনের জবানবন্দি রেকর্ড করেছেন। তবে এখনো আদেশ দেননি।
মামলার অভিযোগে বলা হয়, ২২ অক্টোবর একটি টেলিভিশন টকশোতে জিয়া রহমান ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করেন।
এর আগে ‘সালাম’ ও ‘আল্লাহ হাফেজ’- শব্দ দুটির শুদ্ধ উচ্চারণকে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত করায় বৃহস্পতিবার অধ্যাপক জিয়া রহমানকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে লিগ্যাল নোটিস পাঠিয়েছিলেন মোহাম্মদ মাহবুব আলমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শেখ ওমর শরীফ।
