চাঁদপুরে পুলিশের অভিযানে জেলেদের হামলা, ১৩ পুলিশ আহত

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০৪:২৩ পিএম

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযানে হামলা চালিয়েছে জেলেরা। হামলায় নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফরিদা পারভিন, চাঁদপুরের সহকারী পুলিশ সুপার মো. হেলাল উদ্দিনসহ নৌ পুলিশের অন্তত ১৩ সদস্য আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা প্রেরণ করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ৪৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। এই ঘটনায় জেলেদের আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া যায়নি। রবিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর এলাকায় এই ঘটনা ঘটে।

হামলায় অপর আহতরা হলেন- পুলিশ পরিদর্শক মুজাহিদুল ইসলাম (৪১), নায়েক শাহজাহান (৪০), ইকবাল (৩৪), কনস্টেবল ফেরদৌস শেখ (২৬), কাউসার (৩০), আল মামুন (৩৪), আল আমিন (৩৪), নিলয় দেব (২৮), মোনায়েম (২৬), ইলিয়াছ ও প্রসেনজিৎ।

পুলিশ জানায়, শনিবার রাত থেকে ঢাকা, শরীয়তপুর, চাঁদপুরের পদ্মা-মেঘনার বিভিন্ন স্থানে বিমানবাহিনীর সহায়তায় হেলিকপ্টারসহ নৌ পুলিশের সদর দপ্তরের একটি দল একটি লঞ্চ ও পাঁচটি স্পিডবোট নিয়ে মা ইলিশ রক্ষায় অভিযানে নামে। রোববার দুপুরে দলটি চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর এলাকায় আসলে সংঘবদ্ধভাবে হামলা চালায় জেলেরা। পুলিশের দলটিকে ঘিরে রেখে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে কয়ের হাজার জেলেসহ নারী ও শিশু। এ সময় পুলিশের অন্তত ১৩ সদস্য আহত হয়। 

হামলায় আহত নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন বলেন, রাজরাজেশ্বর এলাকায় আমরা কয়েকশ জেলে নৌকা দেখতে পেয়ে তাদের ধরতে ধাওয়া দিই। এ সময় তারা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। তাদের সঙ্গে যোগ দেয় জেলে পল্লির নারী ও শিশুরা। আমাদের চারদিকে তারা ঘিরে রেখে বৃষ্টির মত ইট-পাটকেল নিক্ষেপ করেছে।

অপর আহত নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) ফরিদা পারভিন বলেন, শনিবার রাত থেকে আমরা বিমানবাহিনীর হেলিকপ্টারসহ নদীতে অভিযান চালাচ্ছি। অভিযানে আমরা শরীয়তপুর ও চাঁদপুরের বিভিন্ন স্থানে প্রায় ২ শতাধিক নৌকা এবং ৪৭ লাখ মিটার কারেন্ট জাল এবং ৭ জেলেকে আটক করি। রবিবার দুপুরের দিকে চাঁদপুরের রাজরাজেশ্বর এলাকায় অনেক জেলে নৌকা দেখতে পেয়ে তাদের ধরতে ধাওয়া করি। এ সময় তারা আমাদের ওপর হামলা চালায়। তারা এতো হিংস্র ছিলে যে,  প্রায় ৪৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেও তাদের থামানো যাচ্ছিল না, পরবর্তীতে আশপাশ থেকে আমাদের দলের সদস্যরা অভিযানে যোগ দিয়ে আমাদের উদ্ধার করে নিয়ে আসে। হামলার এই ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, ইলিশ সংরক্ষণ কর্মসূচির আওতায় মা ইলিশ রক্ষার্থে চাঁদপুরের পদ্মা-মেঘনায় গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন সকল ধরনের মা শিকার নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু প্রতিদিনই জেলের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরতে নদীতে নামছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত