বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালে বড় স্কোর গড়তে পারেনি নাজমুল একাদশ। শিরোপা পেতে মাহমুদউল্লাহ একাদশের চাই ১৭৪ রান।
রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটিতে টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল মাহমুদউল্লাহ একাদশ। পেসার সুমন খানের নৈপুণ্যে ৪৭.১ ওভারে ১৭৩ রানেই থামে নাজমুল একাদশের ইনিংস। ২০ বছর বয়সী সুমন খান ফাইনালের মঞ্চে শিকার করেন ৫ উইকেট।
লিগ পর্বে দুই দলের দুইবারের মুখোমুখি দেখায় দুটিতেই জিতেছিল নাজমুল একাদশ। চার ম্যাচে সর্বোচ্চ ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছিল দলটি। মাহমুদউল্লাহ একাদশ চার ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালে ওঠে।
শিরোপার লড়াইয়ে মাহমুদউল্লাহ একাদশের বোলাররা অবশ্য জয়ের মঞ্চই তৈরি করে দিলেন। এখন অল্প পুঁজি নিয়ে জয় পেতে হলে নাজমুল একাদশের আল-আমিন হোসেন, তাসকিন আহমেদদের বাড়তি দায়িত্ব নিতে হবে।
ইনিংসের প্রথম ওভারেই সাইফ হাসানকে ফিরিয়ে উইকেট উৎসবের শুরু করেছিলেন রুবেল হোসেন। এরপর সুমনের তোপ। নিয়মিত বিরতিতে উইকেট হারানো নাজমুল একাদশ পারেনি ঘুরে দাঁড়াতে।
স্রোতের বিপরীতে একা লড়াই করে গেছেন ইরফান শুক্কুর। প্রতিপক্ষের নবম শিকার হওয়ার আগে ৭৭ বলে ৭৫ রান করেন তিনি ৮ চার ও ২ ছক্কায়। এ ছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩২ ও তৌহিদ হৃদয় ২৬ রান করেন।
মাহমুদউল্লাহ একাদশের পক্ষে সুমন খান ছাড়ও পেসার রুবেল হোসেনও যথারীতি ধারাবাহিকতা ধরে রেখেছেন। এদিন ৮ ওভার বল করেন ২৭ রান খরচায় ২ উইকেট নেন তিনি। সুমনের বোলিং স্পেল ১০-০-৩৮-৫। ইবাদত হোসেন, মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ নিয়েছেন ১টি করে উইকেট।
