রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ৩০ অক্টোবর, শুক্রবার মঞ্চায়িত হবে প্রাঙ্গণেমোর নাট্যদলের নাটক ‘কনডেমড সেল’। এই নাটকের রচয়িতা অনন্ত হিরা এবং মঞ্চে নির্দেশনা দিয়েছেন আউয়াল রেজা।
‘কনডেমড সেল’ প্রাঙ্গণেমোর নাট্যদলের ১০ম প্রযোজনা। এতে অভিনয় করছেন- নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, জাহিদুল ইসলাম, মাইনুল তাওহীদ, সবুক্তগীন শুভ, শুভেচ্ছা, তুহিন, সুজন, প্রীতি, সুজয় ও প্রকৃতিসহ অনেকে।
করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে নাটকটির প্রদর্শনী হবে বলে দলটির সূত্রে জানা গেছে। ‘কনডেমড সেল’ নাটকের ঘটনা প্রবাহ এবং সকল চরিত্র কাল্পনিক। নাট্যকার এ নাট্য প্রয়াসকে আমাদের প্রিয় মাতৃভূমিতে বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় ঘটনা ১৯৭১ সালের স্বাধীনতা অর্জন এবং তার পূর্বের ঘটনা তুলে ধরেছেন। হ্যাঁ, আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসর নরঘাতক রাজাকার, আল-বদর, আল-সামস বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা ও অংশগ্রহণে যে গণহত্যা ও নারী ধর্ষণের নির্মমতার বিষক্রিয়ায় নীল করে তুলেছিল ছাপ্পান্ন হাজার বর্গমাইলের আটষট্টি হাজার গ্রাম। তারই কিছু খণ্ডচিত্রের নাট্যনির্মাণ ব্যতীত নাটকের অন্য ঘটনা পরম্পরা বয়ে নিয়ে যায় যে সকল চরিত্রসমূহ, তারা সকলেই কাল্পনিক।
তথাপি দর্শকের নিজের দেখা কোনো চরিত্র ঘটনা বা অভিজ্ঞতার সঙ্গে যদি এ নাটকের কোনো চরিত্রের সাদৃশ্য খুঁজে পান বা আবিষ্কার করেন সে দায় দর্শকেরই। আর যে সকল দর্শক কোনো সাদৃশ্য খুঁজে পাবেন না বা সাদৃশ্য আবিষ্কার করতে ব্যর্থ হবেন তারা দায়মুক্তি নিয়েই গৃহে ফিরতে পারবেন।
‘কনডেমড সেল’ নামের এ নাট্য প্রয়াসের অভিপ্রায় দায়যুক্ত দর্শকের অন্বেষণ। নাটকের সকল ঘটনা প্রবাহ সংগঠিত হবে কারা অভ্যন্তরে ‘কনডেমড সেল’- এ। কারাবিধি বা রীতি অনুযায়ী যেখানে শুধুমাত্র মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা থাকে।
