বেবিচকের সাবেক প্রকৌশলী আছিরের দশ বছরের জেল

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০৮:৫৩ পিএম

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সিভিল অ্যাভিয়েশনের (বেবিচক) সাবেক নির্বাহী প্রকৌশলী আছির উদ্দিনকে পৃথক দুটি ধারায় ১০ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি দায়ের করে।

রবিবার ঢাকার বিশেষ জজ আদালত -৪-এর বিচারক শেখ নাজমুল আলম এই রায় ঘোষণা করেন।

রায়ের আদেশে বিচারক উল্লেখ করেন, ২০০৪ সালের দুদক আইনের ২৭(১) ধারায় ৮ বছর কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং ২৬(২) ধারায় তাকে দুই বছর কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাভোগের আদেশ দেওয়া হলো।

একই সঙ্গে ঢাকার উত্তরার ১৪ নম্বর সেক্টরে তিন কাঠা জমির ওপর তার মালিকানাধীন ভবনসহ সব স্থাপনা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেন আদালত।

রায় ঘোষণার সময় আসামি আছির উদ্দিন আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, প্রায় তিন কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রকৌশলী আছির উদ্দিনের বিরুদ্ধে ২০১৭ সালের ১৪ মে রাজধানীর রমনা থানায় দুদকের উপপরিচালক মাহফুজা খাতুন মামলা দায়ের করেন। ২০১৮ সালে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিচালক মো. মনজুর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত