বেগমগঞ্জে মাদ্রাসার শিশু ধর্ষণ ঘটনায় ২ কিশোর কারাগারে

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ০৭:৩৪ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে (৮) বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একই মাদ্রাসার দুই কিশোর শিক্ষার্থীকে শিশু ধর্ষণ মামলায় কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার দুই কিশোরকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

উপজেলার একলাশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাফেজ মহিউদ্দিন (রহ.) তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় শিশুটি বলাৎকারের শিকার হয়। সে ওই মাদ্রাসার প্রথম জামাতের ছাত্র ছিল।

এর আগে, রোববার দিবাগত রাত ২টার দিকে বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে আটক করে।

শিশুটির বাবা জানান, কোরআনের হাফেজ করার উদ্দেশ্যে তার ছেলেকে এক বছর আগে ওই মাদ্রাসায় ভর্তি করান। সে আবাসিক ছাত্র হিসেবে সেখানে থেকে পড়ালেখা করতো। গত শুক্রবার ছেলের সঙ্গে দেখা করতে মাদ্রাসায় গেলে শিশুটি তার বাবাকে গোপনে জানায় আমাকে বাড়ি নিয়ে যাও, কথা আছে। বাড়িতে এসে শিশুটি জানায়, হেফজ বিভাগের দুই শিক্ষার্থী দীর্ঘ দিন থেকে বেশ কয়েকবার তাকে যৌন নির্যাতন করেছে। মাদ্রাসার বড় হুজুরকে এ বিষয়ে শিশুটি জানালে এ ঘটনা কাউকে না জানাতে শিশুটিকে হুমকিও দেওয়া হয়েছে। এমনকি ওই ঘটনার পর শিশুটি অসুস্থ হলেও মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে কোন ধরনের চিকিৎসার ব্যবস্থা করেনি।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ বলেন, রোববার সন্ধ্যার দিকে ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে আটক করে। এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে শিশু ধর্ষণ আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় দুই আসামিকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত