প্লে-অফ থেকে বাদ পড়ার পর ধোনিকে নিয়ে আবেগঘন পোস্ট স্ত্রীর

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১০:১৫ পিএম

আইপিএলের প্লে-অফ থেকে ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস। প্রথম পর্ব থেকেই চেন্নাইয়ের বিদায় নিশ্চিত হওয়ার পর দলটির অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী সিং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন।

রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারালেও প্লে-অফে খেলা হচ্ছে না চেন্নাইয়ের। একই দিন দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালস জয় পাওয়াতেই শেষ হয়ে গেছে চেন্নাইয়ের আশা। যদিও এখনো দুটি ম্যাচ হাতে তাদের। ২০০৮ সালে ‍শুরু হওয়া এই আসরে এই প্রথম প্লে-অফে খেলা হচ্ছে না দলটির।

ইনস্টাগ্রাম পোস্টে ধোনি পত্নী লিখেছেন, ‘এটা শুধু খেলা... তুমি কিছু জিতবে, কিছু হারাবে। বহু চমকপ্রদ জয় এসেছে এমন অনেক ঘটনার সাক্ষী হয়েছ, সেই সঙ্গে বেশ কিছু যন্ত্রণাদায়ক হারও দেখতে হয়েছে। একদিকে উচ্ছ্বাস এবং অন্যদিকে আশাভঙ্গ!!’’

ধোনিকে সত্যিকারের যোদ্ধা আখ্যা দিয়ে সাক্ষী আরো লিখেন, ‘কোনো আবেগই যেন খেলোয়াড়োচিত মানসিকতাকে ছাপিয়ে না যায়। এটা তো শুধু খেলা! কেউ হারতে চায় না, কিন্তু সবাই তো জয়ী হতে পারে না! হারের পর স্তম্ভিত হয়ে মাঠ থেকে বেরিয়ে আসার সময়টা দীর্ঘ মনে হয়। আনন্দ-উচ্ছ্বাসের শব্দ, জয়ের বেদনায় দীর্ঘশ্বাস এনে দেয়, অন্তরের শক্তি নিয়ন্ত্রণ নেয়, এটা শুধুই খেলা।’

‘আগেও বিজয়ী ছিলে, এখনো বিজয়ী! সত্যিকারের যোদ্ধারা লড়াই করতেই জন্মেছে আর তারা আমাদের মনে ও হৃদয়ে সর্বদা সুপার কিংস হয়েই থাকবে!’

এবারের আসরটা চেন্নাইয়ের মতো ধোনিও খুব বাজে কেটেছে। কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া এই কিংবদন্তি নজরকাড়া কিছুই করতে পারেননি এবারের আসরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত