হাতিয়ায় লঞ্চের ছাদে খেলতে গিয়ে নদীতে পড়ে শিশু নিখোঁজ

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১২:২০ এএম

নোয়াখালীর হাতিয়া উপজেলায় যাত্রীবাহী লঞ্চের ছাদে খেলতে গিয়ে নদীতে পড়ে হৃদয় (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় হাতিয়ার তমরদ্দি লঞ্চঘাটে একটি লঞ্চের ছাদ থেকে নদীতে পড়ে শিশুটি নিখোঁজ হয়।

হৃদয় উপজেলার তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে। ঘটনাস্থলে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের দুটি দল শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) ইমরান হোসেন গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য এমভি তাফসির ও এমভি ফারহান-৩ নামে দুটি লঞ্চ তমরদ্দি ঘাটে অবস্থান করছিল। এ সময় ঘাট এলাকার একদল শিশু লঞ্চের ছাদে খেলা করার সময় এমভি ফারহান-৩ লঞ্চের ছাদ থেকে হৃদয় নদীতে পড়ে ডুবে যায়। ঘাটের শ্রমিকরা নদীতে অনেক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করতে পারেননি।

গতকাল সন্ধ্যা পৌনে ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত