হিলিতে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে আলু

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ০১:১৮ এএম

সরকার নির্ধারিত দামে দিনাজপুরের হিলি বাজারে বিক্রি হচ্ছে আলু। এতে স্বস্তি ফিরলেও এখনো আলুর দাম বাড়তি থাকায় বিপাকে রয়েছেন নিম্ন আয়ের মানুষ। আলুর বাজার নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের পাশাপাশি টিসিবির মাধ্যমে আলু বিক্রির দাবি জানিয়েছেন তারা।

হিলি বাজার ঘুরে দেখা গেছে, গুটি ও কাটিনাল আলু ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে কিছু কিছু দোকানে ৩৬ টাকাও বিক্রি করতে দেখা গেছে। এসব আলু আগে ৪০-৪৫ টাকা বিক্রি হতো।

সিদ্দিক হোসেন ও মনিরা বেগম নামে দুই ক্রেতা বলেন, ‘আলুর দাম কয়েক দিন আগে ৪০-৪৫ টাকা এমনকি ৫০ টাকায়ও উঠে গিয়েছিল।

সরকার মূল্য নির্ধারণ করে দেওয়ার ফলে বর্তমানে আলুর দাম কিছুটা কমেছে। বর্তমানে এসব আলু ৩৫-৩৬ টাকায় পাওয়া যাচ্ছে। তবে পূর্বের চেয়ে কিছুটা কমলেও নিত্যপ্রয়োজনীয় আলুর দাম এখনো আগের তুলনায় বেশ বাড়তি। যার কারণে আামাদের মতো খেটে খাওয়া মানুষজনের চরমভাবে বিপাকের মধ্যে পড়তে হচ্ছে।’ আলু বিক্রেতা সরোয়ার হোসেন বলেন, ‘সরকার আলুর দর নির্ধারণ করে দেওয়ায় আমরা কিছুটা কম দামে কিনতে পারছি, যার কারণে কম দামে বিক্রিও করছি। গুটি ও কাটিনাল জাতের আলু ৩৪ টাকায় কিনে বিক্রি করছি ৩৫ টাকায়।

দাম কিছুটা কমায় বেচাকেনাও ভালো হচ্ছে।’ সরকার যদি কোল্ড স্টোরেজগুলোর দিকে আরও নজরদারি বাড়ায় বা ব্যবস্থা নেয় তাহলে আলুর দাম কমে আসবে বলেও জানান সরোয়ার হোসেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রাফিউল আলম বলেন, ‘নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কেউ সরকারি নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত