মুক্তিযোদ্ধাদের নামে টাকা আত্মসাতের প্রতিবাদ

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১২:১৩ এএম

সারা দেশে ‘মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল ও কলেজ’ প্রতিষ্ঠা করে নিয়োগের নামে অর্থ আত্মসাতের অভিযোগে যশোরে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে যশোর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যশোরের মুক্তিযোদ্ধারা এ অভিযোগ করেন। তাদের দাবি, বগুড়ার কথিত মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল মান্নান সরকার দেশের প্রতিটি উপজেলায় ‘মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল ও কলেজ’ প্রতিষ্ঠা করে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছেন।

সংবাদ সম্মেলনে যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রাজেক আহমেদ বলেন, সারা দেশে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করছে বলে মিথ্যা প্রচার শুরু করেন আবদুল মান্নান। তার উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় অবহিত দাবি করে মুক্তিযোদ্ধাদের প্রতিষ্ঠানের সভাপতি করে কমিটি গঠন, শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিচ্ছেন তিনি। এর অংশ হিসেবে যশোরেও সাতটি প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে যশোর সদর উপজেলার কচুয়া গ্রামে স্থাপিত কলেজে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে ১৯ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মুক্তিযোদ্ধা নেতারা বলেন, যশোরসহ সারা দেশে ৭২টি কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ১৪ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এবং শতকোটি টাকা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত