হাতিয়ায় নদীতে নিখোঁজ হৃদয়ের লাশ উদ্ধার

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১০:৪৮ এএম

নোয়াখালীর হাতিয়ায় নদীতে নিখোঁজ নূরনবী হৃদয়ের (১২) লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর মঙ্গলবার রাতে লাশটি তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে কোস্টগার্ড সদস্যরা নিখোঁজের ৩১ ঘণ্টা পর তমরুদ্দি লঞ্চঘাট থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে চরচেঙ্গা বাজারের পশ্চিম পাশের মেঘনা থেকে তার লাশ উদ্ধার করে তমরদ্দি লঞ্চঘাটে নিয়ে আসেন।

সেখানে স্বজনদের কাছে হৃদয়ের লাশ হস্তান্তর করা হয়। লাশ বুঝে নেন তার মামা আবুল হোসেন। এ সময় কোস্ট গার্ড কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিশ্বজিৎ বড়ুয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান ফররুখ আহমদ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

ইউএনও ইমরান হোসেন হৃদয়ের লাশ দাফনের জন্য নগদ ১০ হাজার টাকা দেন। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে হৃদয়ের পরিবারকে খাস জমি প্রদানের অঙ্গীকার করেন।

উল্লেখ্য, সোমবার সকাল সাড়ে এগারোটায় তমরুদ্দি লঞ্চ ঘাটে এমভি ফারহান ৩ লঞ্চ থেকে পানিতে লাফ দিয়ে নূরনবী হৃদয় নিখোঁজ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত