বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের ১১ দফা বাস্তবায়নে নড়াইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় নড়াইল শহরের উৎসব কমিউনিটি সেন্টারে বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি প্রকৌশলী বাবু শৈলেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে ঐতিহ্যবাহী জেলা যশোরকে বিভাগ ঘোষণাসহ ১১ দফা দাবি তুলে ধরা হয়।
যশোর আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ, পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে একটি সেতু নির্মাণ, বৃহত্তর যশোরের ৪টি জেলা নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও যশোরে ৪টি বিশেষ অর্থনৈতিক জোন ঘোষণাসহ ১১ দফা দাবির পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
বৃহত্তর যশোর সমিতি, ঢাকা-এর সাবেক সাধারণ সম্পাদক ও সংগঠনের সিনিয়র সহসভাপতি কাজী রফিকুল ইসলাম, সহ-সভাপতি লে. কর্নেল হাসান ইকবাল (সাধারণ সম্পাদক, নড়াইল জেলা সমিতি, ঢাকা), বৃহত্তর যশোর সমিতি ঢাকার সহ-সভাপতি ও উপদেষ্টা সদস্য মোহাম্মদ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ নাছির উদ্দীন, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক মো. শামীমুল ইসলাম টুলু, নড়াইল চেম্বার অফ কমার্সের সভাপতি মো. হাসানুজ্জামানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
