মার্কিন কনস্যুলেটের কাছ থেকে গ্রেপ্তার হংকংয়ের গণতন্ত্রকামী অ্যাক্টিভিস্ট

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ০৪:২৮ পিএম

মার্কিন কনস্যুলেটের কাছ থেকে হংকংয়ের গণতন্ত্রকামী এক অ্যাক্টিভিস্ট গ্রেপ্তার করেছে সাদা পোশাকধারী পুলিশ।

যুক্তরাজ্যভিত্তিক অধিকার গ্রুপ ফ্রেন্ডস অব হংকংয়ের বরাতে বিবিসি জানায়, রাজনৈতিক আশ্রয়ের জন্য টনি চুং মঙ্গলবার মার্কিন কনস্যুলেটে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে কনস্যুলেটে ঢোকার আগেই তাকে আটক করা হয়।

আগে গ্রেপ্তার হওয়া ১৯ বছর বয়সী চুং জামিনে ছিলেন। স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে।

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে জুলাইতে আরোপ করা বিতর্কিত নিরাপত্তা আইনে এ প্রথম কোনো ‘পাবলিক ফিগারকে’ গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে গ্রেপ্তার করা হয় স্বাধীনতাপন্থী শিক্ষার্থীদের সংগঠনের আরও দুই সাবেক সদস্যকে।

চীনে বন্দী প্রত্যর্পণের ঘটনাকে কেন্দ্র করে গত বছর হংকংয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত রাস্তায় নেমে আসেন। ব্যাপক বিক্ষোভের একপর্যায়ে কর্তৃপক্ষ বন্দী প্রত্যর্পণ সংক্রান্ত আইন থেকে ফিরে আসতে বাধ্য হয়।

ব্রিটিশ উপনিবেশ থেকে চীনাদের শাসনে আসার পর সময়ের সবচেয়ে বড় সংকট মোকাবিলা করছে হংকং। চীনে বন্দী প্রত্যর্পণ আইন থেকে সূত্রপাত হওয়া বিক্ষোভ ক্রমশ গণতন্ত্রের দাবির আন্দোলনে রূপ নেয়। যার জেরে বিক্ষোভ দমনে চীনা কর্তৃপক্ষ নিরাপত্তা সংক্রান্ত নতুন আইন জারি করে।  

চীনের কাছে সার্বভৌমত্ব ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত ১৮৪১ সাল থেকে ব্রিটিশ কলোনি ছিল হংকং। বর্তমানে ‘এক দেশ দুই পদ্ধতি’ নীতির অধীনে এটি চীনের অংশ।

হংকং-এর বেশির ভাগ মানুষ জাতিগতভাবে চীনা বংশোদ্ভূত। তবে মূল ভূ-খণ্ডে নেই এমন স্বাধীনতা হংকং-এর জনগণ এখনো উপভোগ করেন। সমালোচকেরা বলছেন, তা হুমকির মুখে। যার প্রেক্ষিতে প্রত্যর্পণ বিলটি আনে চীনা কর্তৃপক্ষ, সেটি উঠিয়ে নিতে বাধ্য হওয়ার পর পাস করে বিতর্কিত নিরাপত্তা আইন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত