সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর আলোচনা চলছে, রোহিত শর্মা তার টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘ভারতীয় ক্রিকেটার’ পরিচয় মুছে ফেলেছেন!
অস্ট্রেলিয়া সফর থেকে রোহিত শর্মার বাদ পড়া নিয়ে তৈরি হয়েছে মহা বিতর্ক। সেই বিতর্ক থেকেই উঠে এসেছে এই প্রসঙ্গ।
চোট শঙ্কার কথা বলে রোহিতকে অস্ট্রেলিয়া সফরে কোনো ফরম্যাটেই রাখেননি ভারতীয় নির্বাচকেরা। কিন্তু আইপিএলে নিজ দল মুম্বাই ইন্ডিয়ানসের নেটে ঠিকই অনুশীলন করছেন ‘হিটম্যান’ খ্যাত রোহিত।
এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, ইচ্ছে করেই অস্ট্রেলিয়া সফর থেকে ছেঁটে ফেলা হয়েছে রোহিতকে। দেশটির বেশ ক’জন সাবেক ক্রিকেটারও এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন।
আর এই সন্দেহকে আরো জোরালো করেছে রোহিতের ভারতীয় ক্রিকেট পরিচয় মুছে ফেলার খবর। নেটিজেনদের দাবি, রোহিত শর্মা নাকি তার টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘ভারতীয় ক্রিকেটার’ পরিচয়টাই মুছে দিয়েছেন।
যদিও এই বিষয় নিয়ে ভক্তরা দ্বিধা বিভক্ত। কেউ বলছেন মুছে দিয়েছেন! আবার কেউ কেউ দাবি করছেন, এমন কোনো কিছু লেখা ছিল না তার অ্যাকাউন্টে।
হ্যামস্ট্রিংয়ে চোট, তাই অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে জায়গা হয়নি রোহিতের। কিন্তু দুবাইয়ে মুম্বাই ইন্ডিয়ানসের নেটে অনুশীলন করতে দেখা যায় রোহিত শর্মাকে। এরপরই হইচই শুরু হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোহিতের বাদ পড়া নিয়ে মুখ খুলেছেন সুনীল গাভাস্কারও।
এদিকে রোহিতের বাদ পড়া নিয়ে অনেকে আবার বলেছেন, কোহলির সঙ্গে দূরত্বটা স্পষ্ট হল আরো। যদিও অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনে বসে নির্বাচকেরা এক বিবৃতিতে জানিয়েছেন, রোহিত শর্মার চোটের পরিস্থিতি পর্যালোচনা করছে বোর্ডের মেডিকেল টিম।
রোহিত এমনিতে সীমিত ওভারের ক্রিকেটে ভারতের সহ-অধিনায়ক। তার বদলে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অধিনায়ক বিরাট কোহলির ডেপুটি করা হয়েছে লোকেশ রাহুলকে।
