আগামীকাল খুলছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক

আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০৩:১৭ এএম

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ২২৫ দিন বন্ধ থাকার পর আগামীকাল শনিবার থেকে দর্শনাথীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলতি বছরের ২০ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পার্কে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছিল।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান পার্ক খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যায় ঊর্ধ্বতন পার্ক খুলে দেওয়ার বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে আগামী পহেলা নভেম্বর রবিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে পার্ক খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে। চিঠিতে বন অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন পর্যটন কেন্দ্রগুলো, সাফারি পার্ক, জাতীয় উদ্যান, উদ্ভিদ উদ্যান, এভিয়ারি পার্ক, অভয়ারণ্য কেন্দ্র ও ইকোপার্ক খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খুলছে লাউয়াছড়া জাতীয় উদ্যান  : আগামীকাল থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান। এর আগে করোনাভাইরাসের কারণে গত ১৯ মার্চ বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. শফিউল আলম চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের প্রবেশ সাময়িক বন্ধ করা হয়।

পর্যটক ও বন্যপ্রাণী গবেষকদের প্রিয় প্রাঙ্গণ লাউয়াছড়া জাতীয় উদ্যানটি এ বছরের ২০ মার্চ থেকেই বন্ধ আছে। পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার পর থেকেই লাউয়াছড়া জাতীয় উদ্যান পর্যটকশূন্য। নেই হৈ-হুল্লোড়, নেই কোনো শব্দ। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এ উদ্যানটি দীর্ঘদিন ছিল আশ্চর্য নীবর, নিস্তব্ধ। দীর্ঘদিন পর্যটকশূন্য থাকায় লাউয়াছড়া জাতীয় উদ্যান আগের পরিবেশে ফিরে গেছে। ফলে মনের আনন্দে বন্যপ্রাণী এখন ঘুরে বেড়াচ্ছে উদ্যানের ভেতর সমতলে ও গাছ থেকে গাছের ডালে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আগামী ১ নভেম্বর  থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যান দশনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, এমন সিদ্ধান্তের কথা আমি মন্ত্রণালয় থেকে শুনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। শুধু লাউয়াছড়াই নয়, সিলেট বিভাগের বিভিন্ন জাতীয় উদ্যানেও একই সিদ্ধান্ত ঘোষিত হবে। কয়েকদিন পরই পর্যটকরা এখনকার বন ভ্রমণের সুযোগ পাবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত