আলোচনা সভায় তাজুল

বঙ্গবন্ধুই সকল উন্নয়ন চেতনার ভিত্তিপ্রস্তর করেছেন

আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০৩:২০ এএম

দেশের মানুষের খাদ্য-পুষ্টি, স্বাস্থ্য এবং শিক্ষাসহ সকল ক্ষেত্রে উন্নয়নের চিন্তা-চেতনার ভিত্তিপ্রস্তর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করে গেছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি. (মিল্ক ইউনিয়ন)-এর ৪০তম বার্ষিক সাধারণ সভা ২০২০-এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যেসব কাজ করছি বা পরিকল্পনা তৈরি করছি, বহুমুখী চিন্তা-চেতনার অধিকারী বঙ্গবন্ধুই এসবের ভিত্তিপ্রস্তর করেছেন। বঙ্গবন্ধুর রেখে যাওয়া দর্শনকে বুকে ধারণ এবং লালন করে আমরা যদি আমাদের স্ব স্ব দায়িত্ব সততা এবং নিষ্ঠার সঙ্গে পালন করি তাহলে দেশ অবশ্যই সঠিক লক্ষ্যে পৌঁছবে।’ মিল্ক ভিটা বঙ্গবন্ধুর একটি দর্শন উল্লেখ করে তিনি জানান, দেশে দুগ্ধ উৎপাদন বিচ্ছিন্নভাবে হচ্ছে। এটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে যাতে করে উৎপাদন, বিতরণ এবং ভোক্তা পর্যায়ে এর সুফল সঠিকভাবে পৌঁছে দেওয়া যায়।

মন্ত্রী বলেন, যারা ঘুষ দুর্নীতি করে বিত্তশালী হন, নিজেদের ঐশ্বর্য গড়েন সামাজিকভাবে তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করা উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত