হাফেজ রশিদ আহমদ হেফাজতে ইসলামী বাংলাদেশের ফেনী জেলার নতুন আমির নির্বাচিত হয়েছেন। তিনি ফেনী সদর উপজেলার শর্শদী দারুল উলুম মাদ্রাসার মোহতামিম।
বৃহস্পতিবার জেলা শূরা কমিটির সভায় তাকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। তার গ্রামের বাড়ি শর্শদী ইউনিয়নে।
হেফাজতের ফেনী জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক জানান, হেফাজতের কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা জুনায়েদ বাবুনগরীর পরামর্শ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর মৌখিক অনুমতি নিয়ে জেলা শূরা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ৩০ জন সদস্যের ২৮ জন উপস্থিত ছিলেন। কেউ প্রার্থী না হওয়ায় সর্বসম্মতিক্রমে হাফেজ রশিদ আহমদ সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি সংগঠনের জেলা কমিটির উপদেষ্টা ছিলেন। এছাড়া মসজিদ উন্নয়ন সংস্থা আল আমিন সংস্থার বাংলাদেশের প্রধানও হিসেবে দায়িত্বে রয়েছেন হাফেজ রশিদ আহমদ।
প্রসঙ্গত; হেফাজত প্রতিষ্ঠার পর ফেনী জেলা আমিরের দায়িত্ব পালন করেন মাওলানা আবুল কাশেম। সম্প্রতি তিনি মারা যাওয়ায় শীর্ষ এ পদটি শূন্য হয়ে যায়।
