আইন স্নাতকদের শিক্ষানবিশকাল ছয় মাস থেকে বাড়িয়ে এক বছর এবং বার কাউন্সিলের আইনজীবী সনদ পাওয়ার তিন ধাপের প্রক্রিয়া বাতিল করে বছরে দু’বার পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছে আইনজীবী সনদ অধিকার আন্দোলন।
শনিবার দুপুরে রাজধানীর মুক্তিভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির আহ্বায়ক শিক্ষানবিশ আইনজীবী সুজন বিপ্লব।
এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সনদ অধিকার আন্দোলনের সদস্যসচিব কফিল উদ্দিন আহমেদ, যুগ্ম-আহ্বায়ক দীপক শীল, রুমি আক্তার, গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আইনুন নাহার, গণতান্ত্রিক আইন ছাত্র সমিতির সভাপতি সিয়াম সারোয়ার জামিলসহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনে চার দফা দাবি জানানো হয়। এগুলো হলো, বার কাউন্সিলের জটিল ও সময়সাপেক্ষ তিন ধাপের পরীক্ষা বাতিল করে সহজ উপায়ে বছরে দু’বার সনদ পরীক্ষার আয়োজন এবং উপজেলা আদালত চালুর সঙ্গে সঙ্গে ত্রুটিপূর্ণ গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া সংস্কার করে বিচারক ও আইনজীবী নিয়োগের ব্যবস্থা করা, আইন স্নাতকদের শিক্ষানবিশকাল ছয় মাস থেকে বাড়িয়ে এক বছর করা, ইউজিসির সমন্বয়ের মাধ্যমে নির্দিষ্ট মেয়াদে আইনে স্নাতক পর্যায়ে ছাত্রসংখ্যা নির্ধারণ এবং পৃথক বিশেষ প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে ছাত্রসংখ্যা, সিলেবাস ও পেশাগত সংকট নিরসনের ব্যবস্থা করা। আদালতে মামলা পরিচালনায় নির্দিষ্ট স্তর পর্যন্ত শিক্ষানবিশ আইনজীবীর অংশগ্রহণের ব্যবস্থা করাসহ তাদের ন্যূনতম শিক্ষানবিসকালীন সম্মানী নির্ধারণ করা।
এসব দাবি আদায়ে সংগঠনটি দুই মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে।
এগুলো হলো, ১ নভেম্বর অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিল চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান। ১ থেকে ১৫ নভেম্বর দাবি পক্ষ পালন। ১৬ থেকে ৩০ নভেম্বর সাংগঠনিক পক্ষ পালন। ২৬ ডিসেম্বর ঢাকায় জাতীয় কনভেনশনের আয়োজন। একই মাসে শীর্ষ আইনজীবী ও আইনজীবী নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতীয় গোলটেবিলের আয়োজন।
