লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ধর্ম অবমাননার অভিযোগে মানসিকভাবে অসুস্থ আবু ইউনুস মো. সহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে ও পরে আগুনে পুড়িয়ে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি দাবি করেছেন স্থানীয় আলেমরা।
শনিবার দুপুরে পাটগ্রাম উপজেলা পরিষদের শহীদ আফজাল হল কক্ষে প্রশাসনের সঙ্গে বৈঠকে আলেমরা এ দাবি জানান। এসময় উপজেলার পাঁচ শতাধিক আলেম-ওলামা উপস্থিত ছিলেন।
যে কোনো বিষয়ে গুজব না ছড়িয়ে তদন্ত সংস্থা ও প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আলেম সমাজের প্রতি আহ্বান জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।
বৈঠকে পাটগ্রাম উপজেলার ইমাম-মুয়াজ্জিনসহ পাঁচ শতাধিক আলেম অংশ নেন। বৈঠকে আলেমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওহাব ভুঁইয়া, রংপুর পুলিশের ডিআইজি দেবদাস ভট্রাচার্য, লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর প্রমুখ।
