শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের রসায়ন দেখার জন্য এক সময় মুখিয়ে ছিলেন দর্শক। কিন্তু মন ভরে দুই তারকার প্রেম দেখার সৌভাগ্য হয়নি তাদের।
ভাবুন তো ‘বীর জারা’য় যদি শাহরুখ-অ্যাশ জুটি হতেন, কেমন হতো? সব ঠিকই ছিল, কিন্তু নানান জটিলতায় তা আর হয়নি।
১ নভেম্বর ছিল ঐশ্বরিয়ার জন্মদিন, পরদিন শাহরুখের। তাই পুরোনো কথাগুলো আবারও চর্চায় এসেছে।
সিমি গারওয়ালের টক শো-তে এসে সেই কথা শেয়ার করেছিলেন অ্যাশ।
শাহরুখ-রানি মুখোপাধ্যায় অভিনীত ’চলতে চলতে’ বক্স অফিসে হিট ছবি। এই ছবিতে অভিনয় করার কথা ছিল ঐশ্বরিয়ার। কিন্তু সালমান খানের সঙ্গে নায়িকার ঝামেলার সূত্র ধরে শেষ মুহূর্তে অ্যাশকে ছবি থেকে বাদ দেন শাহরুখ। এতেই শেষ নয়, ঐশ্বরিয়া জানান, তার ও শাহরুখের পাঁচটি ছবিতে এক সঙ্গে অভিনয়ের কথা ছিল। কিন্তু কোনো কারণ না দেখিয়ে সব কটি ছবি থেকে তাকে বাদ দিয়ে দেন শাহরুখ।
অবশ্য সিমি জানান, পরে শাহরুখ এ ব্যাপারে তার কাছে দুঃখপ্রকাশ করেছিলেন। বলেন, ঐশ্বরিয়ার ব্যক্তিগত জীবনে তখন হস্তক্ষেপ করতে শুরু করেন তিনি, তাই ওই সিদ্ধান্ত। তবে কাজটা ঠিক ছিল না।
ঐশ্বরিয়া সিমিকে বলেন, কেন একের পর এক ছবি থেকে বাদ দেওয়া হলো তা তিনি বুঝতে পারেননি। এ নিয়ে জবাবদিহি চাওয়া তার স্বভাববিরুদ্ধ ছিল। যদি কেউ জানাতে চায়, সে জানাবে, না চাইলে জানাবে না।
এখন অবশ্য দুজনই ভালো বন্ধু— এ কথাও সিমিকে জোর দিয়ে বলেন শাহরুখ।
দুই তারকা জোশ, মহব্বতেইন ও দেবদাস ছবিতে অভিনয় করেন। এর মধ্যে প্রথমটিতে ভাই-বোন চরিত্রে। দ্বিতীয়টিতে ঐশ্বরিয়া আসেন শুধু শাহরুখের কল্পনায়। আর তৃতীয় সিনেমায় তাদের রসায়নের মাঝে বাগড়া দেন মাধুরী দীক্ষিত।
