সিনিয়র ক্রীড়া সাংবাদিক, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সদস্য হান্নান খান আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার সাড়ে ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকালে তার জানাজা ও দাফন সম্পন্ন হবে।
করোনাভাইরাসে মারা যাওয়া দ্বিতীয় ক্রীড়া সাংবাদিক হান্নান খান। এর আগে গত মার্চে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান দৈনিক সময়ের আলো পত্রিকার জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাহমুদুল হাকিম অপু।
ক্রীড়া সাংবাদিক এম এম হান্নান খানের মৃত্যুতে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।
