ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহতদের ৪ জনই একই পরিবারের

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ০৯:১৪ পিএম

কুষ্টিয়ার সদর উপজেলার বিত্তিপাড়ায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বিত্তিপাড়ায় লক্ষ্মীপুর এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের আবদুস সাত্তার হাওলাদারের ছেলে মফিজ উদ্দিন (৩৮), মফিজের স্ত্রী নাদিয়া আরবী (৩০), ছেলে ইফাত হাওলাদার (১৫) ও শ্যালক আলীম হোসেন (২৮) এবং অ্যাম্বুলেন্সের চালক টিপু সুলতান (৩০)।

দুর্ঘটনায় ইনসান আলী নামে আহত আরও একজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তিনি মফিজ উদ্দিনের ছোট শ্যালক।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- হতাহতরা পাবনা মানসিক হাসপাতাল থেকে কোনো একজনের চিকিৎসা শেষে নড়াইলের লোহাগড়ায় লক্ষ্মীপাশা নিজ বাড়িতে ফিরছিলেন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত