খাগড়াছড়িতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মনির হোসেনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। তাকে ২০ হাজার টাকা অর্থদন্ডও দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন।
আদালতের তথ্যে জানা যায়, ২০১৯ সালের ১৭ জুলাই খাগড়াছড়ি সদরের কলেজ গেট এলাকার ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ রোজিনা আক্তারকে শ্বাসরোধে হত্যা করে স্বামী মনির হোসেন।
অন্যদিকে রাজশাহীতে শিশু হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়া লাশ গুম করার অপরাধে সাত বছর এবং কানের দুল চুরির অপরাধে তাকে আরও এক বছর কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল দুপুরে রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক আবদুস সালাম এ রায় দেন। দন্ডিত তরুণ ফারুক হোসেন (১৯) রাজশাহীর মোহনপুর উপজেলার ঘোরসা মোল্লাপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে।
নিহত শিশুর নাম সুইটি আক্তার বন্যা (৭)। তার বাবার নাম সমির উদ্দিন বিশু। ঘোরসা মোল্লাপাড়া গ্রামেই তার বাড়ি। শিশু বন্যা প্রথম শ্রেণির ছাত্রী ছিল। ২০১১ সালের ২৩ জুন তাকে খুন করা হয়।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শরিফুল ইসলাম জানান, ঘটনার দিন সকালে শিশু বন্যা স্কুলে যাচ্ছিল। তখন ফারুক তাদের ফাঁকা বাড়িতে শিশুকে ডেকে নেয়। এরপর তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে তার কানের দুল খুলে নিয়ে লাশ টয়লেটের সেপটিক ট্যাংকে ফেলে দেয়। স্থানীয়রা ফারুকের বাড়ি ঘেরাও করে তাকে জিজ্ঞাসা করলে বন্যাকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলার কথা ফারুক স্বীকার করে।
