সংবিধান দিবসে ডাক অধিদপ্তরের ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর প্রকাশ

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০৩:৫৯ পিএম

সংবিধান দিবস উপলক্ষে ডাক অধিদপ্তর চল্লিশ টাকা মূল্যমানের একটি স্যুভেনির সিট, দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বুধবার স্যুভেনির সিট ও উদ্বোধনী খাম অবমুক্ত এবং ডাটা কার্ড প্রকাশ করেন। এই উপলক্ষে বিশেষ সীলমোহর ব্যবহার করা হয়।

এদিকে, দিবসটির তাৎপর্য তুলে ধরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বিবৃতি দিয়েছেন।

মোস্তাফা জব্বার বুধবার এক বিবৃতিতে বলেন, আজ ৪ নভেম্বর সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে তা কার্যকর হয়।

বিবৃতিতে তিনি বলেন, ৭২ সালের সংবিধান কেবল বাংলাদেশের নয়, সারা বিশ্বে অন্যতম সেরা সংবিধান। একটি দেশ রক্তাক্ত যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করার পর, ধ্বংস্তুপে বাস করে এতো দ্রুত একটি সংবিধান দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

উল্লেখ্য, স্যুভেনির সিট ও উদ্বোধনী খাম আজ বুধবার ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে। পরবতবর্তীতে অন্যান্য জিপিও ও প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘর থেকে এ স্যুভেনির সিট ও উদ্বোধনী খাম এবং ডাটাকার্ড বিক্রি করা হবে।

উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিওতে বিশেষ সীলমোহরেরও ব্যবস্থা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত