গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের তিনটি নতুন ভবনের ভিত্তিরপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে এসব উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন।
এ সময় গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আসাদ হোসেন, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খলিলুর রহমান, গাজীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
ওই মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের মাধ্যমে গণপূর্ত অধিদপ্তর ১০তলাবিশিষ্ট একটি একাডেমিক ভবন, ছাত্রবাস ও শিক্ষানবিশ ডাক্তার ডরমিটরি (পুরুষ) ও ছাত্রীনিবাস এবং শিক্ষানবিশ ডাক্তার ডরমিটরি (মহিলা) ভবনের নির্মাণকাজ বাস্তবায়ন করবে।
এই তিনটি ভবনের মোট ব্যয় ধরা হয়েছে ১৮৭ কোটি ৪৮ লাখ ৭২ হাজার ৯৫০ টাকা। ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে এসব ভবনের নির্মাণকাজ সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরে প্রতিমন্ত্রী ওই মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের চিকিৎসা কার্যক্রম সহায়তায় একটি লিকুইট অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করেন। যার ব্যয় ধরা হয়েছে ১৭ লাখ ৫০ হাজার টাকা।
