কৃষক লীগের ২ নেতাকে কুপিয়ে জখম, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০৬:৫৫ পিএম

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ ও কৃষক লীগের দুই নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ জীম (২৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে দামুড়হুদা উপজেলার মোক্তারপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী ইনসানকেও (২৪) গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার শাকিল আহমেদ জীম চুয়াডাঙ্গা পৌর এলাকার নাজিম উদ্দীনের ছেলে। 

বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, ছাত্রলীগ ও কৃষক লীগের দুজনকে কুপিয়ে জখমের মামলার অন্যতম আসামি জীম। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। চার দিন পর তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ধারালো চাপাতি জব্দ করা হয়। জীমের সহযোগী ইনসানকেও গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে চিহ্নিত কিছু ক্যাডার তাদের শক্তি জানান দেওয়ার চেষ্টা করছে। চুয়াডাঙ্গার শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করতে সম্প্রতি কোপাকুপির ঘটনায় মেতেছে কয়েকজন। তাদের এসব সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড শক্ত হাতে প্রতিহত করা হবে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছাত্রলীগ নেতা শোয়েব রিগান ও তার মামা কৃষক লীগ নেতা মহসিন রেজাকে কুপিয়ে জখম করে ১০/১২ জনের একটি গ্রুপ। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঘটনার পরদিন আহত মহসিন রেজা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫/৭ জনকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত