রাজধানীর ডেমরা থানার মাতুয়াইলে একটি লাইটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার বিকেল ৪টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হলেও রাত ১২:৩০ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, কোনাপাড়া মাতুয়াইলের ১০তলা পাশা টাওয়ারের ষষ্ঠ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। যা পরে আরো কয়েকটি ফ্লোরে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এদিকে আগুনের কারণে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বহু মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।
