চট্টগ্রামের আনোয়ারায় পিকআপভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত ও ৩ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার পিএবি সড়কের ঝিওরী মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত মোহাম্মদ জসিম উদ্দিন (৩৫) উপজেলার জুঁইদ-ী গ্রামের মৃত মাওলানা নুর আহমদের ছেলে।
আহতরা হলেন- লোকমান হাকিম (৪০), মোহাম্মদ শাহাদত (২২) ও আরাফাত হোসেন সিরাজী (৩৫)। তাদের প্রত্যেকের বাড়ি আনোয়ারা উপজেলায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,সকাল ১১টার দিকে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের মাজার গেট এলাকায় চাতরী চৌমুহনীগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোচালক জসিমকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা থানার এএসআই এমরান হোসেন বলেন, দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়েছে।
