রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এরা হলেন অজিত চৌধুরী (৬০) ও তার স্ত্রী মুনি সাহা (৫০)। গত বৃহস্পতিবার রাতে বনানী এলাকার আনন্দ টিভি ভবনের পেছনে সৈনিক ক্লাব সংলগ্ন রেললাইন থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। রেলওয়ে থানা পুলিশের এসআই মহিউদ্দীন দেশ রূপান্তরকে বলেন, প্রথমে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দুজনের লাশ। তারপর প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পারি, এই দুজন সন্ধ্যার আগে থেকেই ঘটনাস্থলের রেললাইন ধরে হাঁটাহাঁটি করেছেন। কখনো বসে গল্প করেছেন। এরপর সন্ধ্যার পর তারা দুজনেই দুর্ঘটনার শিকার হন।
তাদের কাছ থেকে পাওয়া মোবাইল ফোনে স্বজনদের জানানো হলে তাদের ছেলে অঙ্কন চৌধুরী শুভ এসে লাশ শনাক্ত করেন। পরবর্তী সময়ে তার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এস আই মহিউদ্দিন বলেন, এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
রেলওয়ে থানা পুলিশের আরেক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, যে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে, সেখানে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। এইখানে ডাবল লাইন ও আপ অ্যান্ড ডাউন থাকার কারণে পথচারীরা বুঝতে পারেন না কোনদিক থেকে ট্রেন আসছে। তার ধারণা, নিহত দম্পতিও বিভ্রান্তিতে পড়েছিলেন। যার কারণে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ঘটে।
