মুন্সীগঞ্জে সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধসহ আহত ১৪

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১১:২০ পিএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধসহ ১৪ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়। সংঘর্ষের সময় বিস্ফোরণ ঘটানো হয় বেশ কয়েকটি ককটেলের।

গতকাল শনিবার সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের খাসকান্দি গ্রামে জেসমিন আক্তার জুঁই ও আলী আহম্মেদের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১৩ জনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপর আহত আল-আমিনকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় জেসমিন ও মামুন গ্রুপের সঙ্গে আলী আহম্মেদ গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জেরে শনিবার সকালে আলী আহম্মেদ গ্রুপের লোকজনের ওপর মামুন- জেসমিন গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালালে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।  এ সময় সংঘর্ষকারীরা ১৫টি বাড়ি ভাঙচুর ও কয়েক ডজন ককটেলের বিস্ফোরণ ঘটায়।

এ বিষয়ে আলী আহম্মেদ বলেন, সকাল ১০টার দিকে জেসমিন আক্তার জুঁই ও মামুন অর রশীদের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। বাড়িঘর ভাঙচুর করে জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে তারা। র্দীঘদিন ধরে আমাদের ওপর অত্যাচার নির্যাতন করে আসছে। অপরপক্ষ মামুন অর রশীদ জানান, শনিবার সকালে একটি পক্ষ উসকানি দিয়ে সংঘর্ষ বাধিয়ে দেয়। আমাদের লোকদের ওপর আলী আহম্মেদ গ্রুপ হামলা চালায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত