বাইডেনের জয়ের খবর পড়তে গিয়ে কাঁদলেন উপস্থাপক

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ০৩:৫০ পিএম

দিন দুয়েকের অপেক্ষার পর জো বাইডেন চূড়ান্ত বিজয়ী হয়েছেন, এই খবর পড়তে গিয়ে সংবাদ সংস্থা সিএনএনের সঞ্চালক অ্যান্থনি ভ্যান জোন্সকে কাঁদতে দেখা গেছে।

পেশাদ্বারিত্বের চাপ উপেক্ষা করে কাঁপা-কাঁপা গলায় জোন্সকে বলতে শোনা যায়, ‘আজ খুব ভাল একটা দিন। নতুন একটা যুগের সূচনা হল। আমেরিকাবাসী দেখিয়ে দিল একজন ভাল মানুষ হওয়াই সবচেয়ে বড় বিষয়।’

জর্জ ফ্লয়েডের প্রসঙ্গ তুলে অনেক কষ্টে নিজেকে সামলে তিনি বলেন, ‘ওই ঘটনাটাকে শুধু জর্জ ফ্লয়েডের ঘটনা হিসেবে দেখা উচিত নয়। জর্জের দমবন্ধ হয়ে আসছিল। দমবন্ধ হয়ে আসছিল আরও অনেক মানুষের।’

সংবাদ-পাঠকেরা সাধারণত অটোকিউ (সামনে স্ক্রিনের লেখা) দেখে খবর পড়ে থাকেন। কিন্তু হঠাৎ কোনো বড় ঘটনা ঘটে গেলে তাৎক্ষণিক নিজের থেকে কিছু বলতে হয়। টকব্যাকে (ইয়ারফোন) প্রযোজকেরা এই নির্দেশনা দিয়ে থাকেন।

জোন্স এদিন অটোকিউ দেখেননি। সামনের দিকে, যেখানে অটোকিউ থাকার কথা, সেখানে তাকাতেও পারেননি। চোখ মুছতে মুছতে নিজের ডানদিকে ‘লুক’ দিয়ে থেকে থেকে কাঁদেন আর কথা বলেন, ‘এখন মনে হচ্ছে আমেরিকায় শান্তি ফিরে এল। নতুন করে বাঁচার রসদ পেল মানুষ। একটা নতুন সূর্যোদয় দেখল আমেরিকাবাসী।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত