রিজেন্টের সাহেদের বিরুদ্ধে সিলেটে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ০৯:০০ পিএম

করোনাভাইরাস পরীক্ষায় প্রতারণার মামলায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে এবার চেক ডিজঅনারের মামলায় সিলেটে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

রবিবার সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক হারুনুর রশিদ ৩টি মামলায় সাহেদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।   

আদালতের এপিপি আবদুস ছাত্তার এ তথ্য নিশ্চিত করে জানান, সাহেদের দেওয়া ১০ লাখ টাকার ২টি ও ৫০ হাজার টাকার ১টি চেক নগদায়ন করতে না পেরে সিলেটের কানাইঘাটের দরবস্ত এলাকার পাথর ব্যবসায়ী শামসুল মৌলা আদালতে পৃথক ৩টি মামলা করেন। এসব মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার বাদী শামসুল মৌলা জানান, সাহেদ তার কাছ থেকে পাথর কিনে নিয়েছিলেন। পাথর নেওয়ার সময় ৩টি চেকে ২০ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু চেকগুলো নির্ধারিত তারিখে ব্যাংকে উপস্থাপন করলে তা ডিজঅনার হয়। পরবর্তীতে শামসুল মৌলা ঢাকায় গিয়ে সাহেদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলে তিনি টাকা না দিয়ে উল্টো প্রাণনাশের হুমকি দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত