বিয়ে ভাঙার গুঞ্জনের মাঝেই নতুন ইনিংস শুরু করলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। শনিবার সন্ধ্যায় এই অভিনেত্রী জানালেন তিনি শুরু করেছেন নিজের নতুন বিজনেস। চালু করলেন ফিটনেস জিম। ‘ফিটনেস এম্পায়ার’ নামের এই জিমের উদ্বোধন হয় রবিবার। সবাই যখন শ্রাবন্তীর বিয়োগ ব্যথায় শঙ্কিত, অভিনেত্রী যেন চোখ খুলে দিলেন, তিনি বিয়োগে নেই শুধুই যোগ-এ আছেন!
শ্রাবন্তীর বিয়ে নিয়ে চলছে নানা কথা। তার প্রথম স্বামী রাজীব বিশ্বাসের সঙ্গে বিয়ে ভাঙার পরেই তাকে নিয়ে গুঞ্জন। সময়ের সঙ্গে এগোতে এগোতে যেমন নিজেকে অভিনয় আঙিনায় মেলে দিয়েছেন তেমনি জড়িয়েছেন একাধিক সম্পর্কে। জীবনে এসেছেন মডেল কৃষ্ণ ভি রাজ, তার পরে রোশন সিংহ।
কৃ্ষ্ণ ভি রাজের সঙ্গেও সাতপাক ঘুরেছিলেন। সেই সম্পর্ক স্মৃতি। তখনো একটু একটু করে নিজেকে ছাড়িয়ে নেওয়ার সময় ছবি, পদবি মুছে নতুন করে ‘চট্টোপাধ্যায়’ হয়েছেন শ্রাবন্তী। ছেলে ঝিনুককে সঙ্গে নিয়ে অতিক্রম করে গিয়েছেন কঠিন সময়। ঝিনুকও কখনো সরেননি মায়ের পাশ থেকে। আজও তাই। মায়ের নতুন ফিটনেস স্টুডিওর প্রচার করেছেন নিজের ইনস্টাগ্রামে।
