আন্ত:সম্প্রদায়ের সম্প্রীতি বিনষ্টের কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত ‘নৈতিক শিক্ষার মাধ্যমে মানবিক জাতি গঠন: প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পের ভূমিকা’ শীর্ষক ভার্চুয়াল কর্মশালায় এ সব কথা বলেন তথ্যমন্ত্রী।
ড. হাছান মাহমুদ বলেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান, মগ-মুরং-চাকমা সবার মিলিত রক্তস্রোতে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। তাই সব ষড়যন্ত্র প্রতিহত করে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়াই আমাদের লক্ষ্য।
প্যাগোডাসহ সব ধর্মের উপাসনালয়ভিত্তিক নৈতিক শিক্ষা উন্নত জাতি গড়তে অত্যন্ত সহায়ক বলে জানান তিনি।
ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ভার্চুয়াল কর্মশালায় বক্তব্য রাখেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যানদের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি এবং আমন্ত্রিত অতিথি বাসন্তী চাকমা এমপি, ভিক্ষু লোকজিৎ মহাথেরো, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ প্রমুখ।
