খুলনায় মাস্ক ব্যবহারে ফের কঠোর অবস্থানে প্রশাসন

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ০২:১৮ এএম

করোনাভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবিলায় খুলনায় বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের বিষয়ে আবারও কঠোর অবস্থান গ্রহণ করেছে জেলা প্রশসন। আজ সোমবার থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে প্রশাসন। গতকাল রবিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত  গ্রহণ করা হয়।

সভায় জানানো হয়, করোনাভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবিলায় জেলাব্যাপী জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রচার চলবে। একই সঙ্গে সব উপজেলায় অক্সিজেন ব্যাংক ও হাই-ফ্লো-ন্যাজাল ক্যানুলা স্থাপন নিশ্চিত করা হবে। এছাড়া অহেতুক গণজমায়েত পরিহার ও গণপরিবহনে মাস্ক ছাড়া যাত্রী না তুলতে সংশ্লিষ্টদের পুনরায় নির্দেশনা দেওয়া হবে। করোনকালে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধে মহিলাবিষয়ক অধিদপ্তরের জেলা-উপজেলা কার্যালয়গুলো সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করবে। অপরদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বা আন্তঃদলীয় কোন্দলের ফলে আইনশৃঙ্খলার অনাকাক্সিক্ষত অবনতি রোধে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকবে।

সভায় খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম শাকিলুজ্জামান, উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। সভার শুরুতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুপ আলী গত মাসের খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত