উদীচী, ছাত্র ও যুব ইউনিয়নকে ‘হঠকারী’ পথ পরিহারের পরামর্শ বাবুনগরীর

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ০৭:৪১ পিএম

হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী উদীচী এবং ছাত্র ও যুব ইউনিয়নকে ‘হঠকারী’ পথ পরিহারের পরামর্শ দিয়েছেন।

মঙ্গলবার শাহবাগে এ সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত মশাল মিছিলে দেওয়া স্লোগানকে ‘বিদ্বেষপ্রসূত’ ও ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন তিনি।

রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘সেদিন শাহবাগে বাম সংগঠনগুলোর অনুষ্ঠিত একটি সমাবেশ শেষে ‘প্রগতিশীল গণসংগঠনসমূহ’ ব্যানারে উদীচী, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নসহ কিছু সংগঠনের নেতাকর্মীদের একটি মশাল মিছিল শহীদ মিনারে যাওয়ার পথে ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’র বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে কিছু মিথ্যা ও বিদ্বেষমূলক স্লোগান দিয়েছে। যা অনভিপ্রেত, দুঃখজনক এবং নিন্দনীয়’’।

হেফাজত মহাসচিব সতর্ক করে বলেন, ‘এমন উসকানিমূলক আচরণের কারণে যে পরিস্থিতির উদ্ভব হতে পারে, তা কারওর জন্যই শুভ ফল বয়ে আনবে না’।

জুনায়েদ বাবুনগরী বিবৃতিতে আরো বলেন, ‘কায়েমি স্বার্থবাদীদের পক্ষ অবলম্বন করে এ সব অর্বাচীন তরুণদের হেফাজতে ইসলামকে সংঘাতে জড়ানোর উসকানি দেওয়ার হঠকারী পথ পরিহারের জন্য আমরা তাদের অভিভাবক বাম ও কমিউনিস্ট পার্টিগুলোকে দায়িত্ব নেয়ার পরামর্শ দিচ্ছি’।

বাবুনগরীর ব্যক্তিগত খাদেম গণমাধ্যমে বার্তাটি প্রেরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত