সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আন্দোলন জোরদার করা এবং মুক্তিযুদ্ধবিরোধী সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীসহ কয়েকটি প্রগতিশীল সংগঠন।
গতকাল সোমবার উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন স্বাক্ষরিত বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়। ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়নসহ বেশ কয়েকটি প্রগতিশীল সংগঠনের সংহতি রয়েছে এই বিবৃতিতে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ধর্ম অবমাননার মিথ্যে অভিযোগে নিরপরাধ মানুষকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা এবং বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায় ও জাতিগত সংখ্যালঘুদের বাড়িঘরে ও উপাসনালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জামায়াত, হেফাজতসহ উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী ভিন্নদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে উসকানিমূলক বক্তব্য-বিবৃতি দিয়ে দেশে উত্তেজনাকর ও সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে।’
