রাজশাহীতে প্রায় ২ কোটি টাকা মূল্যের ১ কেজি ৯৮০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. দুরুল মিয়া (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার লক্ষ্মীপুর গ্রামের মৃত জাইদুল ঘোষের ছেলে।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের বালিয়াঘাটা বিলসংলগ্ন একটি সেতুতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এই অভিযান চালায়।
র্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানতে পারে, গোদাগাড়ীর বালিয়াঘাটা বিলসংলগ্ন এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে দুরুল মিয়াকে ১ কেজি ৯৮০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়। এই মাদকের মূল্য আনুমানিক দুই কোটি টাকা। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও সিমকার্ড জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুরুল মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাতে গোদাগাড়ী মডেল থানায় র্যাব বাদী হয়ে মামলা করেছে।
