বান্দরবানে পাঁচ তারকা হোটেল নির্মাণের নামে ম্রো জাতিগোষ্ঠীদের উচ্ছেদ প্রক্রিয়ার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
এতে আদিবাসীদের ‘উচ্ছেদ শঙ্কা’ নিরসনে সরকারের ইতিবাচক পদক্ষেপের দাবি জানানো হয়।
বিভিন্ন স্লোগান সংবলিত পোস্টার, ব্যানার নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পাহাড়ে ভ্রমণকারী অর্ধশতাধিক যুবক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, বান্দরবানের চিম্বুক পাহাড়ে বসবাসরত ম্রো জনগোষ্ঠীরা উচ্ছেদের শঙ্কায় জীবনযাপন করছেন।
হোটেল নির্মাণ হলে সেখানকার আদিবাসীদের মধ্যে ক্ষতিকর প্রভাব তৈরি হবে। এর জন্য সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির পাশাপাশি একটি পদক্ষেপ গ্রহণ করা জরুরি। তা নাহলে পাহাড়ে অশান্তি নেমে আসবে। হোটেল নির্মাণের নামে যাতে এখানে ভূমি দখল করে উচ্ছেদের অপচেষ্টা না হয় সেদিকে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন অংশগ্রহণকারীরা।
আদিবাসীদের দাবিগুলোর সঙ্গে এ কর্মসূচির দ্বারা একাত্মতা জানানো হচ্ছে।
